পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে বসছিল মদ্যপানের আসর! কর্তব্যরত চিকিৎসকের এই চরম অনৈতিক কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভার অধীনস্থ যশবন্তরাও চভন মেমোরিয়াল হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তাকে শুক্রবার তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডঃ বৈভব অবিনাশ মাসকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুর প্রশাসন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। এক ব্যক্তি স্বজনের মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য সারা রাত ধরে হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো সাড়া না পেয়ে তিনি ময়নাতদন্ত ঘরের জানলা দিয়ে ভেতরে তাকাতেই হতবাক হয়ে যান। তিনি দেখতে পান, ভেতরে ডিউটিতে থাকা চিকিৎসক ডঃ বৈভব অবিনাশ মাসকে মদ্যপ অবস্থায় রয়েছেন। ওই ঘরের টেবিলের ওপর খাবার এবং মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। প্রত্যক্ষদর্শী ব্যক্তি পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষের সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত পুর কমিশনার কুলদীপ জাঙ্গম প্রথমে অভিযুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মচারীদের সন্ধ্যার মধ্যে লিখিত জবাব দেওয়ার নোটিশ জারি করেন। কিন্তু রোগীর সুরক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত নৈতিকতার চরম লঙ্ঘনের বিষয়টি সামনে আসায় পুর কমিশনার বিজয় সূর্যবংশী আরও কঠোর সিদ্ধান্ত নেন এবং শুক্রবার ওই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হবে। সাসপেনশনে থাকাকালীন তিনি পিম্পরি সদর দপ্তর ছেড়ে বাইরে যেতে পারবেন না এবং অন্য কোনো চাকরি বা ব্যবসা করতে পারবেন না।