পুবের কলম ওয়েব ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্নাটক বিধানসভা ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার ভুয়ো ভিডিও বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হজরত আলি শোয়েব (২৫)। তিনি বিহারের আরারিয়া জেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে বেঙ্গালুরুতে এসে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, বিধানসভা ভবনের বাইরে আচমকা এক ভয়ংকর বিস্ফোরণ ঘটে এবং ঐতিহাসিক ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

এই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘বোমায় উড়িয়ে দিয়েছি বিধানসভা।’ পুলিশের নিয়মিত ডিজিটাল নজরদারির সময় ভিডিওটি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে বিধান সৌধ থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
তদন্তে নেমে ইন্টারনেট প্রোটোকল (আইপি) লগ এবং অন্যান্য ডিজিটাল তথ্য ব্যবহার করে পুলিশ ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শনাক্ত করে। এই সূত্র ধরেই শোয়েবকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ধরনের চরম উসকানিমূলক এবং ভীতিপ্রদ পোস্ট করার নেপথ্যে তাঁর অন্য কোনও বৃহত্তর বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।