পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা প্রখ্যাত অর্থনীতিবিদ পরকলা প্রভাকর আগামী ২৩ অক্টোবর নয়াদিল্লিতে এই প্রতিবাদ কর্মসূচিতে সরাসরি অংশ নিতে যাচ্ছেন। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, নারী, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ব্যক্তি এবং রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে গত ১৪ অক্টোবর গঠিত ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামের যৌথ মঞ্চ এই আন্দোলনের ডাক দিয়েছে।

‘পিপল এগেইনস্ট এসআইআর’ মঞ্চের তরফে ২৩ অক্টোবর একটি দীর্ঘ ‘জনতার মার্চ’-এর আয়োজন করা হয়েছে।

২৩ অক্টোবরের প্রতিবাদী মঞ্চে পরকলা প্রভাকরের পাশাপাশি দেশের একাধিক প্রখ্যাত সামাজিক ও রাজনৈতিক মুখকে দেখা যাবে।

ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে মোদী সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন পরকলা প্রভাকর। তিনি এই পুরো প্রক্রিয়াটিকে “নাগরিকত্বের রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা” হিসেবে বর্ণনা করেছেন। প্রভাকরের যুক্তি, জার্মানি বা রুয়ান্ডার মতো দেশে অতীতে জাতি, ধর্ম, ভাষা বা গায়ের রঙের ভিত্তিতে মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছিল।

কিন্তু ভারতে বেছে বেছে কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলে তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার ফলে দেশে দুই শ্রেণির নাগরিক তৈরি হচ্ছে—একদল যাদের ভোটাধিকার রয়েছে, এবং অন্যদল যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কাগজে-কলমে নাগরিক থাকলেও বাস্তবে ভোটাধিকার হারিয়ে নিজেদের গণতান্ত্রিক অস্তিত্ব হারিয়ে ফেলছেন। তিনি বাদ পড়া ভোটারদের একত্রিত হয়ে নিজস্ব সমিতি গড়ে তোলার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।