পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও ইসরায়েলকে নিজ নিজ জাতীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মৌলিক মূল্যবোধ আরও শক্তিশালী করার আহ্বান জানালেন মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাখ। মঙ্গলবার তিনি সতর্ক করে দিয়ে বলেন, "উগ্র বাম ও মার্ক্সবাদী শক্তি" উভয় দেশেরই এই মূল্যবোধ ও সমাজকাঠামো বিনষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঐতিহাসিক বার্ষিক বিজয়াদশমী উৎসবে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসরায়েলী কূটনীতিক এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্ষিক ভাষণের উদ্ধৃতি দিয়ে ইয়ানিভ রেভাখ জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তরুণদের প্রস্তুত করার পাশাপাশি উভয় দেশেরই উচিত নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখা। তিনি বলেন, "আমরা বুঝতে পারছি যে ভারত ও ইসরায়েল কেবল গভীর সাংস্কৃতিক মূল্যবোধই ভাগ করে নেয় না, বরং দুর্ভাগ্যজনকভাবে দুটি দেশই আজ একই ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

বাইরের শক্তিগুলো যেভাবে ইউরোপীয় দেশগুলির সমাজব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে, ঠিক একই রকম হুমকি আজ আমাদের সামনেও উপস্থিত।"

জাতীয় পরিচয় রক্ষার বিষয়ে মোহন ভাগবতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে রেভাখ যুক্ত দেন, "ডা. মোহনজি তাঁর বক্তব্যে অত্যন্ত সময়োপযোগী কথা বলেছেন। আমরা যদি নিজেদের পরিচয় ও ঐতিহ্য রক্ষা না করি, তবে ইউরোপের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় কীভাবে বাইরের শক্তিগুলো সেগুলিকে অস্থিতিশীল করছে। একই চক্রান্ত আজ ভারত ও ইসরায়েলেও দৃশ্যমান।" তিনি আরও যোগ করেন, "উগ্র বামপন্থী ও মার্ক্সবাদী শক্তিগুলো যাতে আমাদের মৌলিক সামাজিক মূল্যবোধ ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, তার জন্য ভারত ও ইসরায়েল—উভয় দেশকেই নিজেদের জাতীয় সত্তাকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে হবে।"