পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে লাইসেন্স বাতিল ও আইনি পদক্ষেপের মুখে পড়ার পর এবার নেপালেও নিষিদ্ধ হলো জনপ্রিয় প্রিয়াগোল্ড ব্র্যান্ডের বিস্কুট। নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ একটি জরুরি অনলাইন বৈঠকের পর দেশটিতে প্রিয়াগোল্ড বিস্কুট আমদানি, বিক্রি এবং বিতরণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
আরও পড়ুন:
নেপাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে প্রিয়াগোল্ডের পণ্যগুলোকে মানহীন বা সাব-স্ট্যান্ডার্ড হিসেবে উল্লেখ করেছে। দেশটির খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক সঞ্জীব কুমার কর্ণের উদ্যোগে আয়োজিত জরুরি বৈঠকে জনস্বাস্থ্য এবং ভোক্তা স্বার্থ রক্ষার কথা বিবেচনা করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যে সমস্ত আমদানিকারক ও ব্যবসায়ীদের বাজার থেকে এই বিস্কুট দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এবং সাধারণ ভোক্তাদেরও তা ক্রয় ও ব্যবহার না করার জন্য সতর্ক করেছে।
আরও পড়ুন:
এর আগে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এফএসএসএআই প্রিয়াগোল্ড ব্র্যান্ডের প্রস্তুতকারক সংস্থা 'সূর্য ফুডস অ্যান্ড অ্যাগ্রো'র লাইসেন্স বাতিল করে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করে। ভারতীয় তদন্তকারীদের পরিদর্শনে উঠে আসে যে, প্রিয়াগোল্ডের বিস্কুট তৈরিতে মানুষের খাওয়ার অনুপযোগী গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত ভুসি বা ব্র্যান ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কারখানায় উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রেও বেশ কিছু গুরুতর স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ত্রুটি ধরা পড়ে। এফএসএসএআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, খাদ্য সুরক্ষা ও জনস্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৯৪ সালে নবীন কুমার আগরওয়াল ও শেখর আগরওয়াল কর্তৃক প্রতিষ্ঠিত সূর্য ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড তাদের প্রিয়াগোল্ড ব্র্যান্ডের অধীনে চিজ ক্র্যাকার, বাটার বাইট, মেরি লাইটসহ একাধিক জনপ্রিয় বিস্কুট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। ভারতের এই কঠোর পদক্ষেপের সূত্র ধরেই নেপাল প্রশাসনও দেশজুড়ে ব্র্যান্ডটির সমস্ত পণ্যের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করল।