পুবের কলম, ওয়েবডেস্ক: বোমা হামলার হুমকির খবরে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার বিকেলে চেন্নাই থেকে গোয়াগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় তড়িঘড়ি সমস্ত যাত্রীদের নামিয়ে এনে চিরুনি তল্লাশি চালায় বোমা স্কোয়াড ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তল্লাশির পর উসকানিমূলক বা সন্দেহজনক কিছুই না মেলায় অবশেষে প্রায় পাঁচ ঘণ্টা পর বিমানটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, চেন্নাই থেকে গোয়াগামী ইন্ডিগোর '৬ই৫৮৮' ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা ৪০ মিনিটে উড্ডয়ন করার কথা ছিল। বিকেল ৬টা ০৫ মিনিট নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের 'বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি' জরুরি বৈঠকে বসে এবং পাওয়া হুমকি বার্তাটিকে অত্যন্ত সুনির্দিষ্ট ও সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে।

এরপরই বিমানবন্দর জোনের নিরাপত্তা বিধি অনুসরণ করে বিমানটিকে মূল রানওয়ে ও টার্মিনাল থেকে সরিয়ে একটি নির্দিষ্ট ও সুরক্ষিত 'আইসোলেশন বে'-তে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে টার্মিনালে ফেরত নামিয়ে আনা হয়।

পরবর্তী কয়েক ঘণ্টা ধরে বিডিডিএস ও সিআইএসএফ নিরাপত্তা কর্মীরা বিমানের অন্দরমহল, যাত্রীদের লাগেজ ও কার্গো হোল্ডে পুঙ্খানুপুঙ্খ 'অ্যান্টি-স্যাবোটাজ' পরীক্ষা চালান। সম্পূর্ণ অনুসন্ধানের পর রাত ৯টা ২০ মিনিট নাগাদ বোমাতঙ্কের সতর্কতা প্রত্যাহার করে নেয় চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কে বা কারা এই ভূয়ো হুমকি বার্তা পাঠিয়েছিল বা কোথা থেকে এই ফোন/বার্তা এসেছিল, সে বিষয়ে পুলিশ বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।