জয়নূল আবেদীন, লালগোলা: 

পূবের কলম পত্রিকার দীর্ঘদিনের সহযোগী ও প্রবীণ সমাজনেতা মুর্শিদাবাদের আইনাল হক (৮৪) ইন্তেকাল করেছেন। ১৮ অক্টোবর, রবিবার সকাল ৮টা ১০ মিনিটে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুম আইনাল হক ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রবীণ নেতা।

দীর্ঘ সামাজিক জীবনে তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠাবান, নীরব ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। প্রায় পাঁচ দশক ধরে সংগঠনের কাজের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি।

সাপ্তাহিক ‘মীযান’ ও ‘কলম’ পত্রিকা-সহ ইসলামি সাহিত্য ও পত্রপত্রিকার প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মানুষের কাছে পত্রিকা পৌঁছে দেওয়া এবং পাঠকসমাজের মধ্যে ইসলামি সাহিত্য ছড়িয়ে দেওয়ার কাজে তিনি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে এসেছেন। ‘পূবের কলম’ পত্রিকার সঙ্গেও তাঁর ছিল দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নয়াচক গ্রামে জন্ম আইনাল হকের। কর্মসূত্রে লালগোলায় বসবাস করলেও নিজের জন্মভূমির প্রতি তাঁর টান ছিল গভীর। সেই ভালোবাসা থেকেই মৃত্যুর পর নিজের গ্রামের গোরস্থানে সমাহিত হওয়ার ইচ্ছা ব্যক্ত করে গিয়েছিলেন তিনি। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে গতকাল মাগরিবের আগে নয়াচক গ্রামের গোরস্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

আইনাল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ‘পূবের কলম’ পত্রিকার সম্পাদক তথা প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান।

শোকবার্তায় তিনি বলেন, “আইনাল হক সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সাপ্তাহিক ‘কলম’ পত্রিকার সময় থেকেই তিনি আমাদের পাশে থেকে সহযোগিতা করে এসেছেন। ‘কলম’-এর পাশাপাশি ‘মীযান’ ও ‘গতি’ পত্রিকাও তিনি মানুষের কাছে পৌঁছে দিতেন। তাঁর মৃত্যুতে আমরা এক নিষ্ঠাবান সাথীকে হারালাম। তাঁর এই চলে যাওয়া আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি।”

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহমদ হাসান ইমরান মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুম আইনাল হককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।