পুবের কলম ওয়েব ডেস্ক: গত দুই দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরেই সেখানে এই নির্বাচনের দাবি জানিয়ে আসছেন পড়ুয়ারা। এই দাবিতে গত ১২ অক্টোবর থেকে একদল পড়ুয়া ক্যাম্পাসে অনশন শুরু করেন। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের জেরে উত্তেজনা ছড়াল বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

এর আগে শনিবার দিল্লি পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা বলপ্রয়োগ করে অবস্থানরত প্রায় ১০০ জন শিক্ষার্থীকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেয়।

ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই এবিন বাসিল নামের এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করেছে এবং আরও দুই শিক্ষার্থীর ক্যাম্পাসে প্রবেশের উপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবারের অভিযানের সময় ৩০ জনেরও বেশি আন্দোলনকারী পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হলেও পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁদের ক্যাম্পাসে পুনরায় ঢুকতে বাধা দেয়। এই কড়াকড়ি ও পুলিশি হস্তক্ষেপের পরেও রবিবার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত থাকে।