পুবের কলম ওয়েব ডেস্ক: গ্রেটার নয়ডার রাবুপুরা থানা এলাকার নাগলা শ্রী পদম গ্রামে একই পরিবারের পাঁচ সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। শনিবার মৃতদেহগুলি উদ্ধারের পর প্রথমে সাধারণ খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও, পুলিশের তদন্তে বিষপ্রয়োগ ও আত্মহত্যার জোরালো সম্ভাবনা উঠে এসেছে। এই ঘটনায় মৃত পরিবারের প্রধান মহেশের দুই বোন ও এক ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান লাড্ডু (১১), মিষ্টি (৭) ও সাক্ষাৎ (৩)।
তদন্তের অন্যতম বড় সূত্র হিসেবে মহেশের মোবাইল ফোন থেকে একটি ভয়েস নোট বা অডিও বার্তা উদ্ধার করেছে পুলিশ। ওই বার্তায় মহেশ তাঁদের এই করুণ পরিণতির জন্য নিজের দুই বোন এবং এক ভগ্নিপতিকে দায়ী করেছেন। এই ঘটনার পর মহেশের অন্য এক ভগ্নিপতি পুলিশের কাছে হেনস্থার অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে অভিযুক্ত ওই তিন আত্মীয়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য নুডলস থেকেই যে মৃত্যু হয়েছে, তা এখনও বৈজ্ঞানিকভাবে চূড়ান্ত নয়। চিকিৎসকরা মৃতদেহগুলির ভিসেরা নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছেন। ফরেনসিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ এবং ঠিক কোন ধরনের বিষক্রিয়া ঘটেছিল, তা সম্পূর্ণ স্পষ্ট হবে। আপাতত উদ্ধার হওয়া ভয়েস নোট, সম্পত্তির বিবাদ এবং হেনস্থার অভিযোগগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখে এই মর্মান্তিক ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।