পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তপ্ত মণিপুরে ফের হিংসার ঘটনা ঘটল। শনিবার গভীর রাতে কামজং জেলার চাসাদ গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা কুকি সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে রবিবার জানিয়েছেন সরকারি আধিকারিকরা। এই অতর্কিত হামলার জেরে সর্বস্ব হারিয়ে বহু গ্রামবাসী ঘরছাড়া হয়েছেন এবং প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী জঙ্গল ও নিকটবর্তী সেনা ছাউনিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এর আগে শনিবার দিনের বেলার দিকেও সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক কুকি নাগরিকের মৃত্যু হয়েছিল এবং আরও চার জন গুরুতর আহত হন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চাসাদ গ্রামে এই অগ্নিকাণ্ড চালানো হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন নিহত কুকি নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহত গ্রামবাসী ও ঘরছাড়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাড়িঘরে অগ্নিসংযোগের এই ঘটনাকে তিনি এক ‘অসহনীয় অপরাধ’ বলে উল্লেখ করেন। পাশাপাশি, আমজনতার জানমাল রক্ষা করতে এবং দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে জেলা প্রশাসন, রাজ্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে চব্বিশ ঘণ্টা সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
অন্য দিকে, শনিবার রাতেই কামজং জেলা সদর দফতরে অপর একটি হিংসার ঘটনায় অন্য সম্প্রদায়ের বিরোধী সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিনজন তাংখুল নাগা নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। একের পর এক হামলার ঘটনায় নতুন করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।