আবদুল ওদুদ: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন  কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোঃ খালেদ। মর্মান্তিক দুর্ঘটনার মাত্র পাঁচ মিনিট আগে তিনি মণ্ডপের সামনে উপস্থিত ছিলেন। তবে পুজো উদ্যোক্তাদের অনুরোধে মণ্ডপের ভিতরে প্রবেশ না করায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পুজো দেখার আমন্ত্রণ পেয়ে চোরবাগানের মণ্ডপে গিয়েছিলেন ডেপুটি হাইকমিশনার মোঃ খালেদ।

দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে তিনি মণ্ডপের সামনে পৌঁছান। সেই সময় পুজো উদ্যোক্তারা তাঁকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন। মণ্ডপের ভিতরে প্রচণ্ড ভিড় থাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁকে নিয়ে যাওয়ার কথা জানান উদ্যোক্তারা।

উদ্যোক্তাদের অনুরোধ মেনে মণ্ডপের ভিতরে না গিয়ে বাইরে অপেক্ষা করছিলেন খালেদ।

এর মধ্যেই আচমকা শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তের মধ্যে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। ফলে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান বাংলাদেশের এই কূটনীতিক।

ঘটনার পর পুজো উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেপুটি হাইকমিশনার মোঃ খালেদ।

তিনি বলেন, “উদ্যোক্তারাই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তা না হলে আমাকেও বড় বিপদের সম্মুখীন হতে হতো।” তাঁর কথায়, দুর্ঘটনার সময় মণ্ডপের ভিতরে থাকলে তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটতে পারত। তিনি নিজের চোখে পরিস্থিতির ভয়াবহতা দেখেছেন বলেও জানান।
এদিকে, কলকাতার চোরবাগানে পদপিষ্টের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। রবিবার সকালে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোকজ্ঞাপন করা হয়।