মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের মধ্যেই রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, বাংলাদেশ ও ফ্রান্সের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা ভারতে করা হয়েছিল। তবে ভারতে সরকার পরিবর্তন হলে তা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে রিজিজু অভিযোগ করেন, বাংলাদেশে হিংসাত্মক ঘটনা এবং ফ্রান্সে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো পরিস্থিতির অনুকরণে ভারতেও অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিল।

তাঁর দাবি, ভারতবিরোধী গোষ্ঠী ও কয়েকজন রাজনীতিক তরুণদের উসকানি দিয়ে রাস্তায় হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন।

পোস্টে রিজিজু লেখেন, ভারত বাংলাদেশ বা ফ্রান্স নয়। এ দেশে সরকার পরিবর্তন হতে পারে, তবে তা নির্বাচনের মাধ্যমেই, কোনও ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে নয়। এই প্রসঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরোসের নামও উল্লেখ করেন তিনি।

বিজেপি দীর্ঘদিন ধরেই সোরোস ও তাঁর সংস্থার বিরুদ্ধে বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগ করে আসছে।

এদিনের পোস্টের পাশাপাশি এআইএসএ নেত্রী নেহা বোরার একটি বিতর্কিত ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নেন কেন্দ্রীয় মন্ত্রী। গত ১৪ অক্টোবর এক সাক্ষাৎকারে নেহা বোরা দিল্লির আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের তুলনা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেহা বোরার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের আন্দোলন গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে শুরু হয়েছিল। ভারতে তরুণদের আন্দোলনও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা, শিক্ষার বেসরকারিকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গেরুয়াকরণের অভিযোগও তোলেন তিনি।