পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT)-র সাথে সম্ভাব্য যোগাযোগের অভিযোগে কর্নাটকের কালবুর্গি জেলা থেকে ১৯ বছরের এক তরুণকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। ধৃত ওই যুবকের বাড়ি পশ্চিমবঙ্গে।

পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিছু অ্যাকাউন্টের সংস্পর্শে আসার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

অনলাইন বার্তার মাধ্যমে স্পর্শকাতর কোনো তথ্য আদান-প্রদান করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

‘দ্য হিন্দু’-র প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ধৃত মমতাজ-উল-মালিক নামের ওই যুবক গত প্রায় দেড় বছর ধরে কালবুর্গির শরাফ বাজারের একটি সোনার কারখানায় ভাইয়ের সাথে কাজ করছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলি বাজেয়াপ্ত করে পরীক্ষা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

কালবুর্গির পুলিশ কমিশনার এস ডি শরণাপ্পা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, ওই যুবককে বর্তমানে কেবল জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে এবং এই পর্যায়ে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়নি। প্রাথমিক তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।