পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকের ছদ্মবেশে থাকা চিনা গোয়েন্দা সংস্থাকে স্পর্শকাতর সামরিক ও কৌশলগত তথ্য দেওয়ার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করল জম্মু ও কাশ্মীর পুলিশ। তেলেঙ্গানার বাসিন্দা এবং বর্তমানে জম্মুর গান্ধী নগর থানা এলাকার নিবাসী ওই মহিলা অজান্তেই এক গভীর আন্তর্জাতিক গোয়েন্দা জালে জড়িয়ে পড়েন বলে প্রাথামিক তদন্তে উঠে এসেছে। জম্মুর গান্ধী নগর থানায় ওই মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলির প্রাথমিক তদন্ত অনুযায়ী, চিনা গোয়েন্দা সংস্থার কিছু সদস্য গবেষক ও শিক্ষাবিদ সাজে ওই সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ তৈরি করেন। প্রথমে তাঁকে পরিবেশবিদ্যা এবং সাধারণ ভূ-রাজনৈতিক বিষয়ে নিবন্ধ লিখতে বলা হয়।

পরবর্তীকালে কৌশলগতভাবে তাঁকে প্রতিরক্ষা ও সামরিক পরিকাঠামো সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে লেখার জন্য উদ্বুদ্ধ করা হয়। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত নারী সম্পূর্ণ অজান্তেই চীনা চক্রান্তকারীদের ‘ইন্টেলেকচুয়াল ট্র্যাপ’ বা মেধা ফাঁদে পা দেন এবং তিনি বুঝতেই পারেননি যে শিক্ষাবিদদের ছদ্মবেশে থাকা ব্যক্তিরা আসলে বিদেশী গোয়েন্দা।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই মহিলা জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত অত্যন্ত সংবেদনশীল নথি, ছবি ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহ এবং তা বিদেশে প্রেরণের কাজ করছিলেন। সন্দেহ করা হচ্ছে, সংগৃহীত তথ্যগুলি এনক্রিপ্টেড ডিজিটাল মেসেজিং চ্যানেলের মাধ্যমে চিনের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য বিদেশী এজেন্টের কাছে পাঠানো হচ্ছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে জেনে বা না জেনে দেশের বড় ধরনের স্ট্র্যাটেজিক ও সামরিক গোপনীয়তা প্রকাশ পেয়ে থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর।