পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে আক্রমণ শাণিত করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রবিবার রামপুরে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি অভিযোগ করেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলি এতদিন মুসলিমদের কেবল 'ভোট ব্যাংক' হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে কোনো সুযোগ দেয়নি।
আরও পড়ুন:
তরুণ মুসলিম প্রজন্মের উদ্দেশে বার্তা দিয়ে হায়দরাবাদের সাংসদ বলেন, মুসলিম তরুণদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সমস্ত যোগ্যতা ও প্রতিভা থাকলেও তাঁদের এগিয়ে যাওয়ার মতো উপযুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি।
আরও পড়ুন:
রামপুরের মঞ্চ থেকে ওয়াইসি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর দল প্রান্তিক ও অবহেলিত সমাজের তরুণদের রাজনীতিতে সুযোগ করে দিতে এবং সোচ্চার নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ওয়াইসি বলেন, "আমরা আর কোনো নেহেরু, গান্ধী বা যাদবকে নিজেদের নেতা মানব না।
আমাদের এই তরুণ ছেলে-মেয়েরাই আগামী দিনে নেতৃত্বের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবে।" তিনি আরও যোগ করেন, অন্য দলগুলির হয়ে স্লোগান দেওয়া বা ঝান্ডা তোলার দিন শেষ, এখন মুসলিম যুবসমাজকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পৌঁছাতে হবে।আরও পড়ুন:
সমাজবাদী পার্টির ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলির উন্নয়নের পরিসংখ্যান টেনে অখিলেশ যাদবকে কাঠগড়ায় তোলেন ওয়াইসি। তিনি আজমগড়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, দশকের পর দশক ধরে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার পরও কেন আজমগড়ের ঐতিহাসিক 'শিবলি কলেজ'-কে এখনও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হলো না? তিনি কটাক্ষ করে বলেন, অখিলেশ যাদবের পরিবার নিজেদের এলাকা সাইফাইতে বিশ্বমানের শিক্ষা ও ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলেছেন, কিন্তু আজমগড়ের মতো মুসলিম অধ্যুষিত এলাকাকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে মুসলিম সমাজকে এসপি বঞ্চিত করেছে।