পুবের কলম ওয়েব ডেস্ক: আগরতলা থেকে কলকাতা আসার পথে মাঝআকাশে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। ১২ হাজার ফুট উঁচুতে আচমকা বিমানের দরজা আংশিক খুলে যাওয়ায় রবিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। এই ঘটনার পর বিমানে থাকা এক ভারতীয় রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম অঞ্জনা ভৌমিক (৫৪), তিনি কলকাতার বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার রোগী-সহ মোট ৭ জন যাত্রীকে নিয়ে এয়ার অ্যাম্বুল্যান্সটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা দরজা খুলে যাওয়ায় প্রবল আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট তড়িঘড়ি ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ সেখানে বিমানটির নিরাপদ জরুরি অবতরণ করানো হয়। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবতরণের জন্য প্রয়োজনীয় পূর্বানুমতি না থাকলেও মানবিকতার খাতিরেই তাঁরা এয়ার অ্যাম্বুল্যান্সটিকে সাহায্য করেছেন।
জরুরি অবতরণের পর দ্রুত ওই প্রৌঢ়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই প্রৌঢ়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে তাঁর মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা শুরু হয়েছে।