একই দিনে পৃথক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

দলীয় সূত্রে জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার বিকেল ৫টায় সামরিক বিমানে রাজশাহী থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন। সন্ধ্যা ৬টার মধ্যে তিনি আন্দরকিল্লার জেএম সেন হলের দুর্গাপুজো মণ্ডপে যাবেন।

সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের দাবি-দাওয়া শোনার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় কাজির দেউড়ির রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

বিএনপি সূত্রে খবর, বৈঠকে প্রায় ৫০০ জন নেতা-কর্মী অংশ নেবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রার্থীদের জেতাতে সংগঠনকে ঐক্যবদ্ধ করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।