পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্কিত মাদকবিরোধী অভিযানে নিজের বৈধ আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার ভিডিও ঘিরে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, তাঁর এই ব্যক্তিগত পদক্ষেপের কারণে দল বা সরকার যাতে কোনোভাবেই বিব্রত না হয় এবং সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আড়ালে পড়ে না যায়, সে দায়িত্ববোধ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য দাবি করেন, গত ১৭ অক্টোবর গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযানের সমন্বয় করার সময় নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি বৈধ আগ্নেয়াস্ত্র সাথে রেখেছিলেন।
তবে অভিযানে তাঁর অস্ত্র হাতে থাকা ভিডিও ও সংবাদের জেরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়, যা অভিযানের আসল উদ্দেশ্যকে আড়াল করে দেয়। সংবাদমাধ্যমের ভূমিকায় হতাশা প্রকাশ করে ইশরাক প্রশ্ন তোলেন, "কেন আমাকে এভাবে টার্গেট করা হলো?" তবে তিনি স্পষ্টভাবে দাবি করেন, আত্মরক্ষার্থে অস্ত্র সাথে রাখা কোনো অন্যায় বা ভুল ছিল না।আরও পড়ুন:
গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর ও মুন্সিরটেক এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে স্থানীয়দের চাপের কথা তুলে ধরেন ইশরাক।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংকট ও পর্যাপ্ত যানবাহন না থাকায় এবং মাদক কারবারিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় পূর্বে একাধিক বৈঠক করেও কার্যকর ফল মেলেনি।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে যে 'সামাজিক প্রতিরোধ' গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতাতেই ১৭ অক্টোবরের অভিযান চালানো হয়। অভিযানে কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থ ছিল না দাবি করে ইশরাক বলেন, মূল সরবরাহকারীদের আইনের আওতায় আনা ছিল তাঁর মূল লক্ষ্য। অভিযানের সময় অনিচ্ছাকৃতভাবে কেউ আহত হয়ে থাকলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।