পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো চলাকালীন দিল্লির চিত্তরঞ্জন পার্ক বা সিআর পার্ক এলাকায় বাঙালিদের হেনস্থা করার বিস্ফোরক অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। আম আদমি পার্টির (আপ) নেতা তথা ওই এলাকার প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একের পর এক পোস্ট করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মণ্ডপে ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা থেকে শুরু করে জোর করে রাত দশটার মধ্যে পুজো বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
সৌরভ ভরদ্বাজ তাঁর পোস্টে জানান, দিল্লিতে রাতভর দোকানপাট খোলা থাকে এবং রামলীলা ময়দানে গভীর রাত পর্যন্ত অবাধে অনুষ্ঠান চললেও, শুধুমাত্র বাঙালিদের সঙ্গেই এমন বৈমাত্রেয় সুলভ আচরণ করা হচ্ছে। তাঁর দাবি, গত বছর পর্যন্ত রাত ১২টা পর্যন্ত পুজোমণ্ডপে মাইক বাজানোর অনুমতি ছিল, কিন্তু এবার রাত ১০টার পরেই জোর করে সব বন্ধ করে দেওয়া হচ্ছে।
সিআর পার্কের বাঙালিদের দিল্লির অন্যতম শিক্ষিত ও ভদ্র সমাজ বলে উল্লেখ করে তাঁদের প্রতি পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা করেছেন সৌরভ। একইসঙ্গে তিনি কলকাতার চোরবাগান মণ্ডপের মর্মান্তিক বিপর্যয়ের প্রসঙ্গ টেনে সতর্ক করে জানিয়েছেন, রাত ১২টার বদলে ১০টায় মণ্ডপ বন্ধ করে দিলে কম সময়ের মধ্যে একসঙ্গে দর্শনার্থীদের বিপুল চাপ তৈরি হবে। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। নিজেদের এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে শুধুমাত্র শব্দদূষণ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। নিয়ম ভেঙে যাঁরা জোরে মাইক বাজাচ্ছিলেন, তাঁদেরই কেবল আটকানো হয়েছে। তবে পুলিশের এই সাফাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সৌরভ। অন্যদিকে, গোটা ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী অহেতুক সমস্যা তৈরি করছে। আবার অন্য অংশের যুক্তি, আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতেই বাহিনী নিজেদের কাজ করছে।