পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে দুর্গাপুজো চলাকালীন বাম দলগুলির বুকস্টলে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং আরএসএস নেতা জিষ্ণু বসু। মতাদর্শগত পার্থক্য থাকলেও বাকস্বাধীনতা হরণের এই চেষ্টাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন তাঁরা।
চলতি বছর দুর্গাপুজোয় সিপিএম-সহ অন্যান্য বাম দলগুলির প্রায় ১০০টি বুকস্টলে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। যাদবপুরে পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে স্টল ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে আরএসএস-এর পূর্ব ক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসু একটি বার্তায় জানান, ক্ষমতার দম্ভে যারা অন্যের মতপ্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে বা স্টল ভাঙচুর করছে, তারা হিন্দু দর্শনের পরিপন্থী এবং নিজেদের হিন্দু বলার যোগ্য নয়। অন্যদিকে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, এই ঘটনায় তিনি মাথা নত করে লজ্জিত বোধ করছেন। বামেদের সঙ্গে তাঁর মতাদর্শগত বিরোধ থাকলেও, বই বিক্রি বা প্রদর্শনে বাধা দেওয়াকে তিনি একেবারেই সমর্থন করেন না।
প্রসঙ্গত, গত মাসে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলিকে জানিয়েছিলেন, ‘দুর্গাপুজো’-র বদলে ‘শারদোৎসব’ লেখা থাকলে প্যান্ডেলের বাইরে যেন সিপিএমকে স্টল বসাতে দেওয়া না হয়।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই হামলার ঘটনাগুলি ঘটে বলে অভিযোগ। স্বপন দাশগুপ্ত এবং জিষ্ণু বসুর কড়া প্রতিক্রিয়ার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ পালটা তোপ দেগেছেন। তাঁদের প্রশ্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের সময় কেন মন্ত্রী নীরব ছিলেন? বিজেপি সরকার আরএসএস-এর কথা শুনছে না কি দলটাই সমাজবিরোধীদের দখলে চলে গিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বাম নেতৃত্ব। পাশাপাশি, এই হামলার কড়া নিন্দা করে বাংলার ধর্মনিরপেক্ষ মানসিকতার পাশে থাকার বার্তা দিয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।