দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ ও বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিল আদালত। সোমবার স্পেশ্যাল এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেয়। কেন তাঁদের হেফাজতের মেয়াদ বাড়ানো হল, তা লিখিত নির্দেশে ব্যাখ্যা করেছেন ম্যাজিস্ট্রেট ঋতু রাজ।
আরও পড়ুন:
দিল্লি পুলিশের বক্তব্য, যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত করা এবং অন্যদের সেখানে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে। পুলিশের দাবি, বিক্ষোভের অনুমতি পাওয়ার সময় সিজেপি নেতারা শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত শর্ত মেনে চলার বন্ডে স্বাক্ষর করেছিলেন।
কিন্তু পরে সেই শর্ত লঙ্ঘন করে সমাজমাধ্যমে নিষিদ্ধ বিক্ষোভস্থলে জমায়েতের ডাক দেওয়া হয় বলে অভিযোগ।আরও পড়ুন:
আদালতের লিখিত নির্দেশে বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনে চলার প্রতিশ্রুতির ভিত্তিতেই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তদের আচরণে সেই শর্ত পালনে ব্যর্থতার ইঙ্গিত মিলেছে। ভবিষ্যতে তাঁরা আবার আইন ভাঙতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে আদালত।
আরও পড়ুন:
অন্যদিকে, সৌরভ ও আশুতোষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন জানান।
তাঁদের দাবি, দু’জন আলাদাভাবে যন্তর মন্তরে গিয়েছিলেন। ভবিষ্যতে তাঁরা কোনও আইন ভাঙবেন না বলেও আদালতকে আশ্বাস দেওয়া হয়।আরও পড়ুন:
আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেছে সিজেপি। দলের বক্তব্য, নেতাদের আটক করার ঘটনা ‘আইনি প্রক্রিয়ার প্রহসন’ এবং প্রশাসনের অতিসক্রিয়তার পরিচয়। জামিন না মেলায় গণতান্ত্রিক কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।