পুবের কলম ওয়েবডেস্ক :
দশেরা উদ্যাপনে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পাশাপাশি এ বার ৩০ ফুট উঁচু তেলাপোকার কুশপুত্তলিকা পোড়ানোর উদ্যোগ নিল দিল্লির পীঠমপুরার শ্রী কেশব রামলীলা কমিটি। এই অভিনব উদ্যোগকে ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কটাক্ষ, ‘বিনামূল্যে প্রচারের জন্য ধন্যবাদ’।
দশেরার অনুষ্ঠানে বিশালাকার তেলাপোকার কুশপুত্তলিকা দহনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তবে এই উদ্যোগের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন কমিটির সভাপতি তথা বিজেপি বিধায়ক অশোক গোয়েল দেবরাহ।
তবে এই উদ্যোগের সময়কাল ও প্রতীক নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি সম্প্রতি বিভিন্ন দাবিতে আন্দোলন চালাচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পর বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন করছে দলটি। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলেই এই দাবি জানানো হয়েছে।
তেলাপোকার কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হলেও, আয়োজকরা রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ অস্বীকার করেছেন। ফলে দশেরার এই অভিনব আয়োজনকে ঘিরে পরিচ্ছন্নতার বার্তা ও রাজনৈতিক প্রতীকের বিতর্ক পাশাপাশি উঠে এসেছে।