ইন্দোনেশিয়ায় ফের জেন-জি বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রশাসন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ডাকে এই আন্দোলনে সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন, মুদ্রা রুপিয়ার অবমূল্যায়ন এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হবে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও বিক্ষোভে সামিল হয়েছে। রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

এই পরিস্থিতিতে চাপে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ২০২৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে সমালোচনা রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের আস্থা কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) একটি সমীক্ষা অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ছিল ৮১.২ শতাংশ। চলতি মাসে তা কমে ৪৪.৫ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগেও ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরবাইক চালকের মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে গত আগস্টে ব্যাপক বিক্ষোভের জেরে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে জেন-জি আন্দোলন শুরু হওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।