পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানা এবং পাঞ্জাবে দুই দিনের ব্যবধানে কাশ্মীরগামী দুটি পৃথক যাত্রীবাহী দূরপাল্লার বাসে দুষ্কৃতীদের পাথর ছুড়ে হামলা চালানোর অভিযোগ উঠল। পরপর দুটি এই ধরনের ঘটনায় ভিনরাজ্যে কাশ্মীরি যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার গভীর রাতে পাঞ্জাবে শ্রীনগরগামী একটি বেসরকারি ভলভো স্লিপার বাসকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দেদার পাথর ছুড়তে শুরু করে। বাসের চালক ইশফাক আহমেদ জানান, ঘটনার সময় নারী ও শিশুসহ অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আকস্মিক এই হামলায় বাসের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ভাগ্যক্রমে এতে কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ এসে বাসটিকে কয়েক কিলোমিটার পর্যন্ত নিরাপদ পাহারায় পৌঁছে দেয়।

উল্লেখ্য, শনিবার রাতে একই পরিবহণ সংস্থার অন্য একটি বাসে হরিয়ানার একটি ধাবার সামনে ইট-পাথর নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় বাসের এক যাত্রী ও ধাবার কর্মচারীসহ দুজন গুরুতর আহত হন। আক্রান্ত বাসের চালক অভিযোগ করেন, বাসে জম্মু ও কাশ্মীরের নম্বর প্লেট দেখেই দুষ্কৃতীরা তাঁকে সরাসরি “জঙ্গি” বলে গালিগালাজ করে এবং এই রুটে কাশ্মীরের গাড়ি চলতে দেওয়া হবে না বলে ধমক দেয়।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে হরিয়ানা সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, "এই দুঃখজনক ঘটনা কোনোভাবেই ঘটা উচিত হয়নি। আশা করি অপরাধীরা আইনের মুখোমুখি হবে এবং ভবিষ্যতে যেন কাশ্মীরিদের ওপর এমন আক্রমণ না ঘটে, তা নিশ্চিত করবে হরিয়ানা প্রশাসন।"

জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি জানান, তাঁর রাজ্যে আসা প্রতিটি নাগরিক ও পথচারীর নিরাপত্তা দেওয়া সরকারের অগ্রাধিকার। তিনি স্পষ্ট করেন, পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।