পুবের কলম ওয়েব ডেস্ক: বিমানে বসে থাকা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি ভিডিও ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। বিজেপির দাবি, কয়েক দিনের ছুটি কাটাতে ভিয়েতনামে পাড়ি দিয়েছেন রাহুল গান্ধী। এই সফরকে কেন্দ্র করেই কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তবে চুপ করে বসে নেই কংগ্রেসও, বিজেপির এই আক্রমণের কড়া জবাব দিয়েছে হাত শিবির।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে বিজেপি, যেখানে নীল টি-শার্ট পরা এক ব্যক্তিকে বিমানে বসে থাকতে দেখা যাচ্ছে।
বিজেপির এই খোঁচার কড়া জবাব দিয়েছেন ‘রচনাত্মক কংগ্রেস’-এর চেয়ারপার্সন সন্দীপ দীক্ষিত। তিনি জানান, বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাহুল গান্ধীর একটি নিজস্ব ব্যক্তিগত জীবনও রয়েছে। তিনি আরও বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই কোনও না কোনও গঠনমূলক কাজে অংশ নেন। কখনও তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, আবার কখনও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করেন, যা সর্বদা দেশের উপকারে আসে। এর পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন এই কংগ্রেস নেতা। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী অন্তত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী কি কখনও তা করেন?