পুবের কলম ওয়েব ডেস্ক:বিবাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরতে চলেছেন। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার, নির্যাতন এমনকি হত্যার মতো চরম পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলে শুরু থেকেই জল্পনা চলছে। তবে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, তিনি দেশে ফিরবেনই।
সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এই কথা জানান। বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, তিনি মোটেই ভীত নন।

তিনি জানেন যে দেশে ফিরলে তাঁকে হত্যা বা গ্রেপ্তার করা হতে পারে। তা সত্ত্বেও দেশে ফেরাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন। তাই ঝুঁকি থাকলেও তিনি পরোয়া করেন না। তবে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ডিসেম্বরের ঠিক কবে তিনি বাংলাদেশে ফিরবেন, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সময় হলেই তা সকলকে জানিয়ে দেওয়া হবে।

দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে কি না, এই প্রশ্নের জবাবে হাসিনা সুষ্ঠু আইনি প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিজের ক্ষেত্রেও তিনি সম্পূর্ণ আইনি সুরক্ষা এবং সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। এর পাশাপাশি, সম্প্রতি সমাজমাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ডিসেম্বরে হাসিনা দেশে ফিরলেও তাঁর কিছুই হবে না। ওই অডিওতে আরও দাবি করা হয়েছে, সে দেশের পুলিশের উচ্চপদস্থ কর্তারা বিএনপির দিকে ঝুঁকে থাকলেও সাধারণ পুলিশকর্মীরা তেমনটা করছেন না। এই অডিওকে কেন্দ্র করে বর্তমানে নতুন করে জল্পনা শুরু হয়েছে।