পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মৃত্যু নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনায় জল ঢালল সে দেশের সরকারি সংবাদমাধ্যম। সম্প্রতি সমাজমাধ্যমে কিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। সেই গুজব ওড়াতে উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র ‘রোডোং সিনমুন’ কিমের বেশ কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছে। ছবিগুলিতে তাঁকে একটি পোশাক প্রদর্শনীতে নানা সামগ্রী মনোযোগ সহকারে ঘুরে দেখতে দেখা গিয়েছে।
প্রকাশিত একটি ছবিতে কিমকে মহিলাদের একটি খয়েরি রঙের কোট ছুঁয়ে দেখতে দেখা যায়। অন্য একটি ছবিতে এক তরুণী তাঁকে গোলাপি জুতো দেখাচ্ছেন। উত্তর কোরিয়ার প্রশাসনের দাবি, এই ছবিগুলিই প্রমাণ করে যে তাঁদের রাষ্ট্রনেতা সম্পূর্ণ সুস্থ ও জীবিত রয়েছেন। তবে ছবিতে কিমের চেহারায় সামান্য পরিবর্তন দেখা যাওয়ায়, প্রতিবেশী দেশগুলির একাংশ সন্দেহ প্রকাশ করেছে যে ইনি সত্যিই কিম নাকি তাঁর চেহারার অন্য কেউ।
উল্লেখ্য, সম্প্রতি চায়না ডেমোক্র্যাসি পার্টির সঙ্গে যুক্ত আমেরিকার বাসিন্দা ওয়ানজুন জি একটি পোস্টে দাবি করেন যে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বেজিংয়ের এক হাসপাতালে কোমায় থাকাকালীন কিমের মৃত্যু হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, কিমের মৃতদেহ গোপনে উত্তর কোরিয়ায় এনে সমাধিস্থ করা হয়েছে এবং ‘শাসকহীন’ দেশটিতে ৯ হাজার সেনা পাঠিয়েছে চিন। কোনও প্রমাণ ছাড়া করা এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পিয়ংইয়ংয়ের রাশ কার হাতে থাকবে এবং কিমের বোন কিম ইয়ো জং মসনদে বসবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। এই তুমুল ধোঁয়াশা ও উত্তেজনার মাঝেই কিমের পোশাক প্রদর্শনীর ছবিগুলি প্রকাশ করে সমস্ত জল্পনার অবসান ঘটাতে চাইল উত্তর কোরিয়া।