পুবের কলম ওয়েব ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবার চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল। ক্যানসার রোগীর একটি মাত্র সেলফি দেখেই বলে দেওয়া যাবে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ঠিক কতটা। সম্প্রতি ম্যাসাচুসেটসের অলাভজনক স্বাস্থ্য পরিষেবা সংস্থা 'মাস জেনারেল ব্রিগহাম'-এর গবেষকরা এমনই একটি অত্যাধুনিক এআই সিস্টেম তৈরি করেছেন। চিকিৎসাবিজ্ঞানের পরিচিত পত্রিকা 'ল্যানসেট ডিজিটাল হেলথ'-এ এই যুগান্তকারী গবেষণার কথা প্রকাশিত হয়েছে।
এই এআই সিস্টেমটিকে নিখুঁতভাবে কাজ করানোর জন্য বিভিন্ন জনগোষ্ঠী ও বয়সের মানুষের চার কোটিরও বেশি মুখের ছবি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তিতে মূলত দুটি পরিপূরক টুল ব্যবহার করা হয়। এর মধ্যে প্রথম টুলটির নাম ‘এফএএইচআর-ফেসএজ’, যা রোগীর মুখের ছবি দেখে তাঁর জৈবিক বয়স নির্ধারণ করে এবং ক্যানসার থেকে বেঁচে ফেরার একটি প্রাথমিক পূর্বাভাস দেয়। অন্যদিকে, ‘এফএএইচআর-ফেস সারভাইভাল’ নামের দ্বিতীয় টুলটি রোগীর বয়সের উপর নির্ভর না করে সরাসরি তাঁর মুখের ছবি বিশ্লেষণ করেই বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করতে পারে।
রোগীর বয়স এবং মৃত্যুর ঝুঁকির পূর্বাভাস দিতে এই দুটি টুল মুখের আলাদা আলাদা অংশ খুঁটিয়ে দেখে। ‘এফএএইচআর-ফেসএজ’ মূলত নাকের পাশ থেকে মুখের কোণ পর্যন্ত থাকা ভাঁজ বা বলিরেখা, চোখের উপরের কপাল এবং কানের পাশের অংশের উপর নজর রাখে। অন্যদিকে ‘এফএএইচআর-ফেস সারভাইভাল’ বিশ্লেষণ করে চোখের নিচের অংশ এবং নাকের চারপাশ। আমেরিকায় রেডিওথেরাপি করানো রোগীদের উপর এই এআইয়ের পরীক্ষা চালানো হয়েছিল। সেই মূল্যায়নে দেখা গিয়েছে, যাঁদের মুখ দেখে প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক মনে হয়েছে, চার বছরের ফলো-আপে তাঁদের মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ২১ শতাংশ বেশি ছিল। বিপরীতে, যাঁদের অন্তত পাঁচ বছর কম বয়সি বলে মনে হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই মৃত্যুর ঝুঁকি ১৭ শতাংশ কম ছিল।