পুবের কলম ওয়েব ডেস্ক : জাতীয় দল ও ভারত ‘এ’ দলে ব্রাত্য, অথচ হিমাচলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান।

নিজের যোগ্যতা প্রমাণের মঞ্চ হিসেবে ঘরোয়া ক্রিকেটকেই বেছে নিলেন সরফরাজ খান। জাতীয় দল তো বটেই, ভারত ‘এ’ দলেও জায়গা হয়নি তাঁর। সেই বঞ্চনার জবাব দিলেন ব্যাট হাতে। রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ১৫৪ রানের দুরন্ত ইনিংস খেললেন ২৮ বছরের এই ব্যাটার।

তাঁর এই ইনিংস ঘিরে নতুন করে প্রশ্ন উঠল জাতীয় দল নির্বাচনে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের মূল্যায়ন নিয়ে।

বিলাসপুরের লুহনু ক্রিকেট স্টেডিয়ামে হিমাচলের বিরুদ্ধে ২২৮ বলে ১৫৪ রান করেন সরফরাজ। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৮তম শতরান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আকাশ আনন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে মুম্বইয়ের ইনিংসকে মজবুত জায়গায় পৌঁছে দেন তিনি।

আকাশের ১১৭ এবং অধিনায়ক সিদ্ধেশ লাডের ৮৭ রানের সুবাদে মুম্বই প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে হিমাচল প্রথম ইনিংসে মাত্র ১৪০ রান করেছিল।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি সরফরাজের। ভারত ‘এ’ দলের সফরেও তাঁকে বিবেচনা করা হয়নি। ছ’টি টেস্টে একটি শতরান-সহ ৩৭১ রান রয়েছে তাঁর নামের পাশে। ফলে রঞ্জিতে এই ইনিংস শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তনের বার্তা নয়, জাতীয় দলের দরজায় ফের জোরালো কড়া নাড়া দিলেন সরফরাজ।