সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে বিচারপ্রক্রিয়া ও কূটনৈতিক যোগাযোগ নিয়ে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের বিষয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে থাকা বন্দীতালিকায় সাজার কোনও উল্লেখ ছিল না। এ তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ প্রতিবেদন পাঠিয়েছে কনস্যুলেট।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কায় ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তাঁরা সৌদি আরবের ‘আল মাজাল কোম্পানি’তে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের আগস্টে পৃথক অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। নজরুলকে সৌদি আরবের সাইবার অপরাধ আইনে ১ আগস্ট এবং সুইটি আক্তারকে ব্যভিচারের অভিযোগে ২ আগস্ট গ্রেপ্তার করা হয়। নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দী ছিলেন।

কনস্যুলেটের হাতে গত ৩০ সেপ্টেম্বর আসা হালনাগাদ বন্দীতালিকায় মোট ৯৭ জন বন্দীর অপরাধের সংক্ষিপ্ত বিবরণ ছিল। কিন্তু নজরুল ও সুইটির ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্যের ঘর ফাঁকা ছিল। তাঁদের বিরুদ্ধে কোনও বিচারিক রায় কিংবা মৃত্যুদণ্ডের সাজা হয়েছে—এমন তথ্যও ওই তালিকায় উল্লেখ করা হয়নি।

সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে কোনও বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের নজির আগে কনস্যুলেটের জানা ছিল না।

বর্তমানে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে ৩০৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত। সাইবার অপরাধের তিনটি পৃথক মামলায় বাংলাদেশি নাগরিকদের ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা কিংবা তা কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দার কনস্যুলেট জেনারেলকে কিছুই জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি আনুষ্ঠানিক ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। এতে পুরো বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য এবং আদালতের মূল রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কনস্যুলেট।