পুবের কলম ওয়েব ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থপ্রতিম রায়। মঙ্গলবার নবমীর দিন আদালত এই রায় দেওয়ার সময় সেখানে সশরীরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আদালতের এই আদেশের পর রাজ্য কংগ্রেসের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।


হাই কোর্টে মিলন প্রধানের হয়ে সওয়াল করেন আইনজীবী অজিতেশ পাণ্ডে ও জুবের রউফ। শুনানির পর আদালত আপাতত তাঁকে স্বস্তি দিয়ে জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়। রায় ঘোষণার পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখেই কংগ্রেস গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান তাঁর মনোনয়ন প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থনের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো মামলায় মিলন প্রধানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এর বিরুদ্ধে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলে মোট ছ’টি মামলায় তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দেশ মাফিক ২১ অক্টোবর তাঁর হলদিয়া আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। হাই কোর্টের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত তাতে কোনও হস্তক্ষেপ করেনি এবং রাজ্যকে পুনরায় হাই কোর্টেই ফেরত পাঠায়। ফলে হাই কোর্টের নতুন রায়ে আপাতত স্বস্তি বজায় রইল নন্দীগ্রামের এই কংগ্রেস প্রার্থীর।