পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও বৃদ্ধি পেল। এই পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয় মামলাটির তদন্তভারও অপরাধদমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) হাতে তুলে দিল দিল্লি পুলিশ। অন্যদিকে, এই দুই নেতার হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে দল। বুধবারই আদালতের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
দিল্লি পুলিশ সম্প্রতি যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত জায়গার তালিকা থেকে বাদ দিয়েছিল।

অভিযোগ, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১৩ অক্টোবর ব্যারিকেড ভেঙে সেখানে প্রতিবাদ কর্মসূচি করেন সৌরভ, আশুতোষ এবং দলের অন্য নেতারা। জাতীয় পতাকা নেড়ে স্লোগান দেওয়ার অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হলেও বাকিদের ছেড়ে দেওয়া হয়। তবে সৌরভ ও আশুতোষকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রথমে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে মোট দু’টি মামলা দায়ের হয়েছিল। সোমবার প্রথম মামলাটি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছিল এবং এবার দ্বিতীয় মামলাটিও একই শাখার হাতে হস্তান্তর করা হল।

গত সোমবার দুই নেতার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হলে তা আরও দু’দিনের জন্য বাড়িয়ে দেন ম্যাজিস্ট্রেট। এর প্রতিবাদেই হাই কোর্টের দ্বারস্থ হন সিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রাতেই শুনানির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বুধবার দুই নেতার বর্ধিত হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের ফের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার কথা রয়েছে। ফলে উচ্চ আদালতের শুনানি এবং নিম্ন আদালতের নির্দেশের দিকেই এখন তাকিয়ে রয়েছেন দলের কর্মী-সমর্থকেরা।