পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) বড়সড় সাইবার হানার শিকার হয়েছে। বুধবার ব্যাঙ্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইবার হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হামলায় ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি গিয়েছে। চুরি যাওয়া এই সমস্ত সংবেদনশীল তথ্য ইতিমধ্যে ডার্ক ওয়েবে ফাঁস করে দেওয়া হয়েছে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

ফাঁস হওয়া নথির মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি, বাড়ির ঠিকানা এবং ঋণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে।
বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা 'সাইবার পালস' নামের একটি এক্স হ্যান্ডেলের দাবি অনুযায়ী, 'সিরিয়াসিম' নামক একটি হ্যাকার গোষ্ঠী এই তথ্য চুরির নেপথ্যে রয়েছে। গত ১৬ অক্টোবর প্রথম এই হ্যাকিংয়ের বিষয়টি সামনে আসে। তবে এই সাইবার হামলার ফলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ পরিকাঠামো বা দৈনন্দিন আর্থিক লেনদেনে কোনও প্রভাব পড়েনি বলে এসবিআই আশ্বস্ত করেছে।
ঠিক কী পরিমাণ তথ্য চুরি গিয়েছে এবং কীভাবে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে গ্রাহকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। চুরি যাওয়া তথ্য কাজে লাগিয়ে হ্যাকাররা বড়সড় আর্থিক প্রতারণার ফাঁদ পাততে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই গ্রাহকদের অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক না করা এবং ঋণ বা উপহারের প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সন্দেহজনক কোনও অ্যাপ ডাউনলোড করা বা ফোন কলের মাধ্যমে কারও সঙ্গে ওটিপি এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।