পুবের কলম ওয়েব ডেস্ক: দশমীর সন্ধ্যায় নিউটাউন-রাজারহাটের বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আচমকাই রেস্তরাঁর নিচের দিক থেকে আগুন বের হতে দেখা যায় এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন এবং পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানিয়েছেন, দমকল ও পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। আগুন লাগার সময় রেস্তরাঁটিতে কর্মী-সহ অন্তত ৫০ জন ছিলেন। তবে সকলকেই নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যার ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়।
ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ওই রেস্তরাঁর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অবিলম্বে একটি ‘সিকিউরিটি অডিট’ করার নির্দেশ দিয়েছে পুলিশ।