পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠা দিবস এবং বিজয়াদশমীর দিনেই সংঘের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার এক্স পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, আরএসএস একটি সর্বপুরুষাত্মক ও সংবিধানবিরোধী সংগঠন, যারা নারীদের পুরুষদের ‘সম্পত্তি’ বলে মনে করে।
 
তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী লেখেন, "আরএসএস একটি সর্বপুরুষাত্মক, সংবিধানবিরোধী কাল্ট যা বিশ্বাস করে যে মহিলারা পুরুষদের সম্পত্তি। আমি শিব-শক্তিতে বিশ্বাস করি।

আর ঠিক এই কারণেই তাদের বিরুদ্ধে লড়াই করতে আমার এত আনন্দ হয়।" কংগ্রেস নেতার দাবি, সংঘের এই নারী-বিরোধী ও পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে লড়াইয়ে কেবল বিরোধীরাই নয়, বরং সংঘ পরিবারের নিজেদের অনেক মহিলার সমর্থনও তাঁর দলের সঙ্গেই রয়েছে। তিনি লেখেন, "সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তাদের নিজের পরিবারের অনেক নারীও আজ আমার পক্ষেই রয়েছেন।"
 
অন্যদিকে, এদিনই নাগপুরে আরএসএস-এর বার্ষিক বিজয়াদশমী উৎসবে বক্তব্য রাখতে গিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত আন্দোলন ও রাজপথের রাজনীতি নিয়ে কড়া বার্তা দেন। তিনি জানান, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করলে মৌলিক সমস্যার সমাধান হয় না, বরং তা সমাজে বিভাজন বাড়াতে পারে।