পুবের কলম ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীদের দাবি, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না। মূলত অন্য এক প্রভাবশালী বলিউড তারকার উপর হামলার ছক কষেছিল তারা। কিন্তু সেই তারকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া থাকায় শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলাতে বাধ্য হয় অভিযুক্তরা। অপেক্ষাকৃত ‘সহজ লক্ষ্য’ ভেবে শেষমেশ টাইগার শ্রফকে নিশানা করে তারা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্ত প্রথমে ওই হেভিওয়েট তারকার উপরই আক্রমণের ব্লু-প্রিন্ট তৈরি করেছিল। তবে পুলিশ এখনও পর্যন্ত ওই তারকার নাম প্রকাশ্যে আনেনি। হামলার নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য কী, কার নির্দেশে এই ছক কষা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সলমন খানের সঙ্গে টাইগারের সুসম্পর্কের কারণেই তাঁকে নিশানা করা হয়েছে কি না, সেই দিকটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল সেল দুই মহিলা-সহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে আরও এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, সুদূর ক্যালিফোর্নিয়া থেকে লাইভে শুটারদের নির্দেশ দিচ্ছিল এই চক্রের ‘মাস্টারমাইন্ড’ এবং শুটারদের মোটা টাকার প্রলোভনও দেখানো হয়েছিল। ইতিমধ্যেই তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। ছেলের উপর এমন অতর্কিত হামলার ঘটনায় তীব্র বিস্ময় প্রকাশ করে টাইগারের মা আয়েশা শ্রফ জানিয়েছেন, তাঁর ছেলের কোনও শত্রু নেই। গোটা ঘটনার জট ছাড়াতে তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।