পুবের কলম ওয়েব ডেস্ক: গঙ্গায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় কেবল ‘সনাতন ধর্মাবলম্বীরাই’ প্রতিমা স্পর্শ করতে পারবেন বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতার বাবুঘাটে বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানান, হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য ও শাস্ত্রীয় নিয়ম মেনে বিসর্জনের পবিত্রতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ এবং কলকাতা পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে ঘাট পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, গঙ্গায় প্রতিমা বহন করার কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের পরিচয়পত্র যেন রাখা হয়। এর মধ্যে কোনও সাম্প্রদায়িক বিষয় নেই উল্লেখ করে তিনি বলেন, এটি একটি উৎসব হলেও মূলত একটি ধর্মীয় অনুষ্ঠান।
চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর বিসর্জন ঘিরে নিরাপত্তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে প্রশাসন।
বাবুঘাট ছাড়াও নৌকায় করে হুগলি নদীর হাওড়া প্রান্তের ঘাটগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীতে প্রায় ২০০টি দেশি নৌকায় চেপে বিসর্জন দেখার রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় মানুষের আবেগের কারণে এই নৌকো চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি না করা গেলেও, প্রতিটি ক্ষেত্রে লাইফ জ্যাকেট ও ভারসাম্য রক্ষার আগাম সতর্কতা নেওয়া হয়েছে। টাকির নিরাপত্তার দায়িত্বে বিএসএফ-কে নামানোর পাশাপাশি একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বারাসত রেঞ্জের ডিআইজি-কে সেখানে তদারকির দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২৪ অক্টোবর বিসর্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর গঙ্গার জল সম্পূর্ণ পরিষ্কার করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।