পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যজুড়ে এখন মনোরম আবহাওয়া বিরাজ করছে। বাতাসে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। কিন্তু এই স্বস্তিদায়ক আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শহরের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এখন আবহাওয়া বেশ শুষ্ক। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির ঘরে এবং আলিপুরদুয়ারে তা ১৮ ডিগ্রিতে পৌঁছেছে। তবে আগামী সপ্তাহ থেকে এই পরিস্থিতির বদল ঘটবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও শঙ্কা নেই। বৃহস্পতিবার থেকে দ্বাদশী পর্যন্ত উত্তরের জেলাগুলির আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে দ্বাদশীর পর থেকে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের মতো পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজো মিটতেই এই সম্ভাব্য নিম্নচাপের খবরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষজন আবহাওয়ার এই পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখছেন।