পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুখাদ্য ও পুষ্টিকর পানীয়ের বিজ্ঞাপনে ‘বিভ্রান্তিকর’ এবং অননুমোদিত স্বাস্থ্যগত সুবিধাসংক্রান্ত নানা দাবি তোলার অভিযোগে শীর্ষস্থানীয় দুই খাদ্য প্রস্তুতকারক সংস্থা—নেসলে ইন্ডিয়া এবং জাইডাস ওয়েলনেস-কে কারণ দর্শানোর নোটিশ জারি করল ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। একইসঙ্গে ইনস্টাগ্রামে শিশুখাদ্য বা ইনফ্যান্ট ফর্মুলার প্রচারণা চালানোর অভিযোগে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকেও কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে এই সরকারি নিয়ামক সংস্থা।

এফএসএসএআই-এর তরফে নেসলে ইন্ডিয়ার শিশুখাদ্য ব্রান্ড ‘ন্যান এক্সেল্লা প্রোর ১’ এবং ‘ল্যাকটোজেন প্রো ১ পাউডার’-এর মোড়কে করা দাবির বৈজ্ঞানিক ভিত্তি জানতে চাওয়া হয়েছে।

‘ন্যান এক্সেল্লা প্রোর মোড়কে দাবি করা হয়েছিল, এতে থাকা "৫টি এইচএমও শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে"। নিয়ামক সংস্থা পর্যবেক্ষণে জানিয়েছে, এই ধরনের শারীরিক সুবিধার দাবি খাদ্য সুরক্ষা আইনের বিধিমালার অধীনে অনুমোদিত নয়।

এছাড়া, দুগ্ধজাত প্রোটিন ‘হুই প্রোটিন’ সহজে হজমযোগ্য—নেসলের করা এই দাবির স্বপক্ষেও উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ তলব করা হয়েছে।

অন্যদিকে, জাইডাস ওয়েলনেসের জনপ্রিয় দুগ্ধজাত পানীয় ‘কমপ্ল্যান’-এর বিজ্ঞাপনে ‘২ গুণ দ্রুত শারীরিক বৃদ্ধি’ হওয়ার দাবিকে সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে এফএসএসএআই। এই দাবির পক্ষেও পর্যাপ্ত বৈজ্ঞানিক নথিপত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এফএসএসএআই-এর এই নোটিশ প্রসঙ্গে নেসলে ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, "গত ১৮ সেপ্টেম্বর লেবেল সংক্রান্ত একটি পোস্টে এফএসএসএআই যেসব বিষয় তুলে ধরেছিল, সাম্প্রতিক নোটিশে তারই পুনরাবৃত্তি ঘটেছে। আমরা ইতোমধ্যে এই বিষয়ে নিয়ামক সংস্থার কাছে বিস্তারিত উত্তর জমা দিয়েছি।"