পুবের কলম ওয়েব ডেস্ক: কুখ্যাত জঙ্গি দাউদ ইব্রাহিম ও তার গ্যাং ‘ডি কোম্পানি’ নাকি ভারতের! রাষ্ট্রসংঘের সন্ত্রাস দমন ও মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকের একটি ত্রুটিপূর্ণ প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ওসামা বিন লাদেনের কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রসংঘের এই পর্যবেক্ষককে কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি।


জানা গিয়েছে, গত জুলাই মাসে ‘মানবাধিকার রক্ষায় সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য নিরূপণ’ শীর্ষক একটি প্রতিবেদন পেশ করেন রাষ্ট্রসংঘের বিশেষ পর্যবেক্ষক বেন সল। সেখানেই দাউদ ও তার ডি-কোম্পানিকে ভারতের বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি রঘু পুরী জানিয়েছেন, রিপোর্টটি তথ্যগত অসঙ্গতিতে ভরা। এই চরম ভুলের জন্য বেন সলের কাছে জবাবদিহিও চেয়েছে ভারত।

রাষ্ট্রসংঘের মঞ্চে কড়া ভাষায় রঘু পুরী জানান, ২০০৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত হওয়ার বহু আগেই দাউদ ভারত থেকে পালিয়েছে। অন্য একটি দেশে গিয়ে সে আল-কায়দা এবং ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। নাম না করে পাকিস্তানকে নিশানা করে ভারতের প্রতিনিধি আরও বলেন, দাউদ ভারতে একজন পলাতক অপরাধী এবং সে বর্তমানে এমন একটি দেশে বসবাস করছে, যেখানে লাদেনকে খুঁজে পেয়ে নিকেশ করা হয়েছিল। ১৯৯৩ সালের পর থেকে ভারতে বিভিন্ন সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি দাউদকে খুঁজছে এবং রাষ্ট্রসংঘের ১২৬৭ নম্বর নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় তাকে জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করার কারণও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন রঘু পুরী।