পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআর-এর বিরোধিতায় এবার দিল্লিতে ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক দিল ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামের একটি নবগঠিত সংগঠন। শুক্রবার কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে শুরু হয়ে প্যাটেল চকের নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং বামনেত্রী নেহা বোরা-সহ একাধিক পরিচিত মুখ ও ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
শিক্ষার্থী, কৃষক এবং সুশীল সমাজের সমন্বয়ে গঠিত এই নয়া সংগঠনটি তাদের এই প্রতিবাদ কর্মসূচির নাম দিয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পদযাত্রা’।
দিল্লির বিভিন্ন এলাকায় এখনও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায়, বিনা অনুমতিতে এই মিছিলের ডাক ঘিরে শুক্রবার রাজধানী ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আমন্ত্রিত সিজেপি বা ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের তরফে এই মিছিলে অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।