পুবের কলম ওয়েব ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দু'সপ্তাহ বাকি। তার আগেই ডোনাল্ড ট্রাম্পের জন্য এল দুঃসংবাদ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের একটি যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার হার কমে মাত্র ৩৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। অর্থনীতি, জীবনযাত্রার মান এবং ইরান যুদ্ধের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
মোট ৩ হাজার ৪৯৪ জন ভোটারের উপর চালানো এই সমীক্ষায় ৫৯ শতাংশ মানুষ মনে করছেন যে ট্রাম্প নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এর পাশাপাশি ৫২ শতাংশ ভোটার জানিয়েছেন, এবারের নির্বাচনে তাঁরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন বলে মনস্থির করেছেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মতে, মার্কিন অর্থনীতি সামলাতে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত ব্যর্থ এবং জীবনযাত্রার মান ক্রমশই ভয়াবহ হচ্ছে। ৭৩ শতাংশ মানুষের মতে গ্যাসের দাম অবিশ্বাস্যভাবে বেড়েছে, ৬৯ শতাংশ জীবনযাত্রার মান নিয়ে অভিযোগ জানিয়েছেন এবং ৬৪ শতাংশ অর্থনীতি নিয়ে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, ৬৫ শতাংশ মানুষ ইরান যুদ্ধের জন্যও ট্রাম্পকে দায়ী করেছেন।
গত অগস্ট এবং চলতি বছরের শুরুর দিকে করা সমীক্ষাতেও ট্রাম্পের এই পড়তি জনপ্রিয়তার আভাস মিলেছিল। অগস্টের সমীক্ষায় দেখা যায়, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন, যা গত মার্চে ছিল ৩৭ শতাংশ এবং চলতি মাসের শুরুতে তা কমে ৩৪ শতাংশে দাঁড়ায়। বর্তমানে কেবলমাত্র ওয়াইওমিং, আইডাহো এবং ওয়েস্ট ভার্জিনিয়ার মতো তিনটি প্রদেশেই ট্রাম্পের জনপ্রিয়তা ইতিবাচক অবস্থায় রয়েছে। এই সমীক্ষার ফলাফল রিপাবলিকান পার্টির জন্য একটি বড় অশনিসংকেত হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, সমীক্ষার পূর্বাভাস সব সময় হুবহু মেলে না। তাই শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে।