পুবের কলম ওয়েবডেস্ক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার উদ্বেগের কথা জানিয়ে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের অনুমতি দিল না দিল্লি পুলিশ। আগামী ৩০ অক্টোবর রাজধানীর জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পুলিশের এই সিদ্ধান্তে দিল্লির অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘দ্য হিন্দু’র প্রতিবেদন অনুযায়ী, ১৪ অক্টোবর আয়োজকদের আবেদন খতিয়ে দেখার পর টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোকে সিদ্ধান্তের কথা জানানো হয়।

দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ অনন্ত মিত্তল চিঠিতে জানান, নির্দিষ্ট হুমকি সংক্রান্ত তথ্য, উৎসবের মরসুমে নিরাপত্তার একাধিক দায়িত্ব এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য উদ্বেগের কারণে অনুমতি দেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আম আদমি পার্টি (আপ)। দলের দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, কৃষক আন্দোলনকে সমর্থন এবং পড়ুয়াদের উপর পুলিশি হিংসার বিরুদ্ধে সরব হওয়ার কারণে দিলজিৎকে নিশানা করা হচ্ছে। তাঁর দাবি, সরকার সাহসী পাঞ্জাবিদের প্রতি পক্ষপাতদুষ্ট। আপ বিধায়ক জর্নেল সিংও প্রশ্ন তুলেছেন, নিরাপত্তাই সমস্যা হলে আগাম পরিকল্পনার মাধ্যমে তার সমাধান করা হল না কেন।