পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকায় নাম নিয়ে এর আগেও নানা বিভ্রাট দেখা গিয়েছে, কিন্তু উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে এলাহাবাদ-ঝাঁসি খণ্ড স্নাতক কেন্দ্রের ভোটার তালিকায় যা ঘটল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ভোটার তালিকায় নাম এসেছে ‘রাম নে যাদব কো মারা’, ‘রাম নে শর্মা কো মারা’-র মতো বিচিত্র সব নাম। এমনকি বাবার নামের জায়গায় লেখা রয়েছে ‘মূর্খচন্দ যাদব’ বা ‘বি.কম’। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসন ইতিমধ্যে কমপক্ষে ১৫৮টি এমন ভুল থাকার কথা স্বীকার করে নিয়েছে।
উত্তরপ্রদেশের সিইও অফিসের দাবি, মূলত সফ্টওয়্যারের অনুবাদের ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় ইংরেজিতে লেখা নাম হিন্দিতে কনভার্ট করতে গিয়েই এই বিপত্তি। যেমন, কারও নাম হয়তো ছিল ‘রামহিত যাদব’, যা ইংরেজিতে ‘Ram hit Yadav’ হিসেবে টাইপ করা হয়। সফ্টওয়্যার এর আক্ষরিক অনুবাদ করে ‘রাম নে যাদব কো মারা’ করে দিয়েছে। তবে, বাবার নামের জায়গায় ‘বি.কম’ আসার মতো ভুলকে কর্মীদের গাফিলতি বলেই মনে করা হচ্ছে।
ভোটার তালিকার মতো একটি সংবেদনশীল বিষয়ে এমন গাফিলতি কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চূড়ান্ত তালিকা যাচাই করার ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) অর্থাৎ ডিভিশনাল কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) অর্থাৎ জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁদের কাছ থেকে প্রশাসনিকভাবে ব্যাখ্যা তলব করা হয়েছে। নির্বাচন দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ভুলে কোনও ভোটারকে সমস্যার সম্মুখীন হতে না হয়।