পুবের কলম ওয়েবডেস্ক, দুর্গাপুজোর ছুটিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১২৭ জন রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে চিকিৎসা পরিষেবা নিয়ে। গত ১৬ থেকে ২১ অক্টোবরের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে আটজন জরুরি বিভাগে পৌঁছনোর পরই মারা যান। গত বছর পুজোর পাঁচ দিনে মৃত্যু হয়েছিল ৭৭ জনের।
আরও পড়ুন:
মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুজোর দিনগুলিতে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ও ডিউটির ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা।
তাঁদের অভিযোগ, ছুটির আগে নির্ধারিত সূচি মেনে কাজ করা এবং ডিউটি অদলবদল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রেও একই নিয়ম কতটা কার্যকর হয়েছিল, তা নিয়ে সংশয় রয়েছে।আরও পড়ুন:
তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল সুপার কৌশিক ঈশোর। তাঁর দাবি, বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে সংকটজনক অবস্থায় বহু রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে কিডনি, লিভারের গুরুতর অসুখ এবং স্ট্রোকে আক্রান্ত রোগীও ছিলেন। মেডিসিন বিভাগে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি।