পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো শেষ হতে না হতেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অক্টোবর-নভেম্বর মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির জন্য অত্যন্ত অনুকূল হওয়ায় এই মুহূর্তে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ঘূর্ণিঝড় তৈরি হলে ওড়িশায় আছড়ে পড়ার প্রবল শঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে বাংলাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই থাইল্যান্ড উপকূল থেকে একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগর এলাকায় প্রবেশ করেছে।
অন্যদিকে, ইউরোপিয়ান মডেল ‘ইসিএমডব্লিউএফ’-এর ইঙ্গিত অনুযায়ী, ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৬ অক্টোবর তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ২৮ অক্টোবর বিকেলে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে প্রবেশ করতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলেও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত শক্তিশালী নিম্নচাপের কথাই জানিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী তার নামকরণ হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ ‘সমুদ্র’ বা ‘সাগর’।