পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো মিটতেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। শুক্রবার সল্টলেকের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের নেতৃত্বে প্রার্থী নির্বাচন এবং ভোটের রূপরেখা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল যে, তৃণমূলের ৪৪ জন প্রাক্তন কাউন্সিলর বা দলত্যাগী নেতারা কি আসন্ন পুরভোটে পদ্ম প্রতীকে টিকিট পেতে চলেছেন?
এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বৈঠক শেষে বেরিয়ে তিনি স্পষ্ট জানান যে, তৃণমূল নেতাদের টিকিট দেওয়ার এমন কোনও খবর তাঁর বা দলের কাছে নেই এবং এ ধরনের কোনও আবেদনপত্রও জমা পড়েনি। তিনি কটাক্ষ করে বলেন, বর্তমানে তৃণমূল বলে কোনও দলের অস্তিত্ব নেই; বিজেপি একার শক্তিতেই ভোটে লড়েছে। তাঁর মতে, মানুষ কেবল দল বদল করার জন্য ভোট দেয় না। বিজেপি ২০২১ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়েই ২০২৬-এ লড়েছে এবং মানুষের ভরসাতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার গড়েছে বলে দাবি করেন তিনি।

আগামী ১৫ দিনের মধ্যেই বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সে বিষয়ে শমীকবাবু খোলসা করে কিছু জানাননি। প্রার্থীদের মাপকাঠি কী হবে, তা নিয়েও মুখ খোলেননি তিনি। তবে কলকাতা ও হাওড়া দুই পুরনিগমেই জয়ের ব্যাপারে তিনি প্রবল আশাবাদী। রাজ্য সভাপতির দাবি, মানুষ বিজেপির প্রতি আস্থাশীল এবং দল উভয় কর্পোরেশনই দখল করবে। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে কলকাতাবাসী একজন অত্যন্ত ভালো এবং কাজের মেয়র পাবেন।