পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের সমস্ত স্বীকৃত মাদ্রাসায় এখন থেকে শুক্রবারের পরিবর্তে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য করা হবে। গত ২১ অক্টোবর (বুধবার) রাজ্য সরকারের তরফে একটি সার্কুলার জারি করে রাজ্যের অন্যান্য সাধারণ স্কুলের সঙ্গে মাদ্রাসাগুলির সময়সূচি ও সাপ্তাহিক ছুটির ক্ষেত্রে একরূপতা আনার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ড সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের বক্তব্য, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাধারণ শিক্ষা ব্যবস্থার আওতায় এনে পুনরায় স্কুল হিসেবে নথিভুক্ত করার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এগুলিকে শিক্ষা দপ্তরের মূল নির্দেশিকা মেনেই পরিচালিত হতে হবে।

ঐতিহ্যগতভাবে, জুম্মার নমাজের সুবিধার্থে এতদিন উত্তরাখণ্ডের অধিকাংশ মাদ্রাসায় শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন।

তবে নতুন নিয়মে অন্যান্য সাধারণ বিদ্যালয়ের মতোই সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে রবিবার।

সংখ্যালঘু কল্যাণ দপ্তরের এক আধিকারিক জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসাগুলিকে সাধারণ বিদ্যালয় হিসেবে নতুন করে শ্রেণীবদ্ধ করায় এগুলি সাধারণ স্কুলের নির্দেশিকা মানতে বাধ্য।

উত্তরাখণ্ড সরকার গত বছরই 'উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড' তুলে দিয়ে তার পরিবর্তে একটি নতুন ‘সংখ্যালঘু শিক্ষা বোর্ড’ গঠন করেছিল। এই নতুন বোর্ডের আওতায় মুসলিম, শিখ, পার্সি, জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একই প্রশাসনিক ছাতার নিচে আনা হয়।