পুবের কলম, ওয়েবডেস্ক: খবরের কাগজের দেওয়ালি বিশেষ সংখ্যার বিজ্ঞাপন চাইতে গিয়ে বচসার জেরে প্রবীণ সাংবাদিক মহম্মদ নাসিম আহমেদকে (৬০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের হাপুর জেলায় চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আটা কলের মালিক অশোক কুমার গুপ্ত এবং তাঁর দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
নিহত প্রবীণ সাংবাদিক মহম্মদ নাসিম আহমেদ হিন্দি দৈনিক ‘দৈনিক জনবাণী’-র সাথে যুক্ত ছিলেন। পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়, আগামী উৎসব ও দেওয়ালি উপলক্ষে পত্রিকার বিশেষ সংখ্যার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করতে গত ১৮ অক্টোবর নাসিম আহমেদ সহকর্মী সালাউদ্দিন ও অন্য বন্ধুদের সাথে হাপুরের জারোঠি রোডে অবস্থিত অশোক কুমার গুপ্তের আটা কলে যান।
আরও পড়ুন:
সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
সাংবাদিক নাসিম আহমেদ এর তীব্র প্রতিবাদ জানালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর নির্মম শারীরিক নির্যাতন চালায় এবং বেধড়ক মারধর শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর হাপুর দেহাত থানায় একটি লিখিত মামলা রুজু করা হয়। তদন্তে নেমে রয়্যাল এনক্লেভ কলোনির কাছ থেকে আটা কল মালিক অশোক কুমার গুপ্ত, তাঁর ছেলে কপিল (কপিল আগরওয়াল) এবং অন্য এক সহযোগী নরেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ।আরও পড়ুন:
সাংবাদিক মহম্মদ নাসিম আহমেদের এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের শীর্ষ সংস্থা 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস'। গত ২১ অক্টোবর এক বিবৃতিতে সংস্থাটি এই ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।