পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত বরাবর একাধিক স্থানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সঙ্গে চিনা লাল ফৌজের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে আইটিবিপি-র এক ঘাঁটিতে জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই চাঞ্চল্যকর তথ্য জানান বাহিনীর বিদায়ী ডিরেক্টর জেনারেল (ডিজি) শত্রুজিৎ কাপুর।

আইটিবিপি প্রধান নিশ্চিত করেছেন, সীমান্ত বরাবর এই উত্তেজনাকর পরিস্থিতির মোকাবিলা করতে বাহিনীর বিশেষ 'শৌর্য কমান্ডো' দলকে মোতায়েন করা হয়েছে, যারা চিনা সেনা প্রত্যাহারের ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে।

জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডিজি শত্রুজিৎ কাপুর জানান, সীমান্ত প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে আইটিবিপির অভ্যন্তরীণ বিশেষ কমব্যাট টিম হিসেবে 'শৌর্য কমান্ডো' তৈরি করা হয়েছে।

তিনি বলেন, "গত কয়েকদিনে অরুণাচল প্রদেশের একাধিক স্থানে চিনা সেনার মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তা এখনও বজায় রয়েছে। সেখানে চলমান এই ফেস-অফে শৌর্য কমান্ডোরা অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের কাজ পরিচালনা করেছে।" শীর্ষ কর্মকর্তার মতে, এই বিশেষ কমান্ডো দল সীমান্ত পাহারা দেওয়া প্রতিটি ব্যাটালিয়নে অন্তর্ভুক্ত করা হবে, যা আইটিবিপি-কে এক নতুন ও স্বতন্ত্র পরিচয় দেবে।

তবে বাহিনী সূত্রের খবর, আইটিবিপি প্রধানের এই বক্তব্য সীমান্তজুড়ে নিয়মিত সেনা মোতায়েন, মহড়া এবং বাহিনীর সামগ্রিক সতর্কতামূলক প্রস্তুতির প্রেক্ষাপটে দেওয়া হয়েছে; এটি কোনো একক বা বিশেষ সংঘর্ষের ঘটনাকে নির্দেশ করে না।